সুপার ফোরে বাংলাদেশের ৩ ম্যাচের চূড়ান্ত সময় সূচি প্রকাশ
এশিয়া কাপের গ্রুপ পর্বের খেলা শেষ হওয়ার আগেই চূড়ান্ত হয়ে গেল সুপার ফোরের লাইনআপ। ইতিপূর্বে শিরোপা জিতেছে অথবা ফাইনাল খেলেছে, এমন চারটি দলই পেয়েছে শেষ চারের টিকিট। এবার অবশ্য সেমিফাইনাল নেই, প্রতিটি দল সুপার ফোরে খেলবে তিনটি করে ম্যাচ। অর্থাৎ প্রত্যেকে খেলবে প্রত্যেকের সাথে।
অনুমিতভাবেই ‘এ’ গ্রুপ থেকে সুপার ফোরে উঠেছে ভারত ও পাকিস্তান। ভারতের অবশ্য একটি ম্যাচ এখনও বাকি। ‘বি’ গ্রুপ ছিল 'গ্রুপ অব ডেথ'। টানটান উত্তেজনাপূর্ণ সেই গ্রুপ থেকে সুপার ফোরে উঠেছে শ্রীলঙ্কা ও বাংলাদেশ। এর মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ হয়েছে রানারআপ।
সুপার ফোরের শেষ দল হিসেবে বাংলাদেশ কোয়ালিফাই করায় চূড়ান্ত হয়ে গেছে সুপার ফোরের লাইনআপ। বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ দিয়েই শুরু হবে সুপার ফোরের লড়াই, দুবাইয়ে যে ম্যাচ ২০ সেপ্টেম্বর। পরদিন আবারো ভারত-পাকিস্তান ম্যাচ, এই ম্যাচও দুবাইয়ে। যদিও গেল ভারত-পাকিস্তান লড়াইয়ের পর এই ম্যাচ নিয়ে উঠছে নানা প্রশ্ন। ২৩ সেপ্টেম্বর আবুধাবিতে পাকিস্তান মাঠে নামবে শ্রীলঙ্কার, আর পরদিন দুবাইয়ে ভারত খেলবে বাংলাদেশের বিরুদ্ধে।
পরের ম্যাচটাওই বাংলাদেশের, ঠিক পরদিন। ২৫ সেপ্টেম্বর দুবাইতেই বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। আর ২৬ সেপ্টেম্বর ভারত ও শ্রীলঙ্কা পরস্পরের বিরুদ্ধে ম্যাচ খেলে শেষ করবে সুপার ফোর। ২৮ সেপ্টেম্বর পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল খেলবে ফাইনাল।
উল্লেখ্য, প্রতিটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।
সুপার ফোরে বাংলাদেশের সূচি:
২০ সেপ্টেম্বর- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা
২৪ সেপ্টেম্বর- বাংলাদেশ বনাম ভারত
২৫ সেপ্টেম্বর- বাংলাদেশ বনাম পাকিস্তান

Comments
Post a Comment